পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েনের অনুমতি দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। জীবন ও নাগরিকদের নিরাপত্তা, সম্পদ এবং সরকারি স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবিধানের ২৪৫ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে এই মোতায়েন করা হয়েছে এবং প্রদেশটিতে জারি থাকা ঘোষণার কার্যকারিতা পর্যন্ত এটি বহাল থাকবে।
এর আগে খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি করে গভর্নরের শাসন চালু করেছে কেন্দ্রীয় সরকার। সন্ত্রাসবিরোধী অভিযান থেকে প্রাদেশিক সরকারের সরে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের দাবি। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ইমরান খানের দল পিটিআই।












