নিউইয়র্কে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের বার্ষিক সম্মেলনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। ক্ষুদ্রঋণ ধারণার প্রবক্তা হিসেবে বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনের সঙ্গে অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।
আরকানসাসের গভর্নর থাকাকালীন বিল ক্লিনটন অধ্যাপক ইউনূসের সঙ্গে কাজ করেছেন এবং সেখানে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। হিলারি ক্লিনটনও নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য মোকাবিলায় ক্ষুদ্রঋণের ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছেন এবং ১৯৯৫ সালে বাংলাদেশ সফরকালে গ্রামীণ ব্যাংক পরিদর্শন করেছিলেন।






