পাকিস্তানে বিদ্যুৎ ও জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। দেশটিতে বিদ্যুতের সামগ্রিক ঘাটতি ৪ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। একই সঙ্গে গ্যাস সরবরাহে বিঘ্নের কারণে ডিজেলের সংকটও দেখা দিয়েছে। কয়েকটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ থাকা এবং জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে।
বিদ্যুৎ ঘাটতি বেড়ে যাওয়ায় দেশজুড়ে লোডশেডিং বাড়িয়েছে বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানগুলো। শহর ও গ্রাম—উভয় এলাকার গ্রাহকদের দিনে তিন থেকে চার ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে। রাজধানী লাহোরে বিদ্যুতের চাহিদা প্রায় ৪ হাজার মেগাওয়াট হলেও সরবরাহ রয়েছে প্রায় ৩ হাজার মেগাওয়াট। এদিকে গ্যাস সরবরাহে বিঘ্নের কারণে লাহোরে ডিজেলের সংকটও দেখা দিয়েছে।





