বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগে যারা ভালো মানুষ এবং দেশকে ভালোবাসেন, তারা নিজেদের পছন্দ অনুযায়ী আপন ঠিকানা খুঁজে নেবেন। তিনি আরও বলেন, দেশে ফ্যাসিবাদ ফিরে আসবে—এমন কল্পনা কেউ করবেন না। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর কাকরাইলে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতি যদি মানুষের কল্যাণ, দেশ গঠন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার জন্য হয়, তাহলে আওয়ামী লীগের সেই রাজনীতি করার যোগ্যতা নেই। সে কারণে দলটির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি অভিযোগ করেন, ৪০ বছর পর মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে।





