রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে সতীর্থ ফেদেরিকো ভালভের্দের সঙ্গে বিবাদ নিয়ে অবশেষে মুখ খুলেছেন অরেলিয়েঁ চুয়ামেনি। তিনি জানিয়েছেন, তাঁদের মধ্যে কোনো মারামারি হয়নি এবং সংবাদমাধ্যম ঘটনাটিকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি বড় করে দেখিয়েছে। গত মে মাসে ড্রেসিংরুমে দুই খেলোয়াড়ের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যার জেরে ভালভের্দে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে গিয়েছিলেন।
চুয়ামেনি স্বীকার করেছেন যে ড্রেসিংরুমের পরিবেশ কিছু সময়ের জন্য খারাপ হয়ে গিয়েছিল এবং ‘অপ্রীতিকর’ কিছু একটা ঘটেছিল। তবে তাঁর মতে, রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে খেললে ছোটখাটো বিষয়ও সংবাদমাধ্যমে অতিরঞ্জিত হয়ে যায়।





