স্পোর্টসপ্রোর ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ৫০ ক্রীড়াবিদের তালিকায় লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেছেন ভারতের ক্রিকেটার শুবমান গিল। তালিকায় গিল ১৩ নম্বরে আছেন, যেখানে রোনালদো ১৪তম, এমবাপ্পে ১৯তম এবং মেসি ২৭তম স্থানে রয়েছেন। তালিকার শীর্ষে আছেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা।
স্পোর্টসপ্রো ও নর্থস্টার সলিউশনস গ্রুপ যৌথভাবে এই তালিকা তৈরি করেছে। ক্রীড়াবিদদের বিপণনযোগ্যতা নির্ধারণে ব্র্যান্ড ইকুইটি, মোমেন্টাম এবং বাণিজ্যিক সম্ভাবনার ওপর ভিত্তি করে একটি স্কোরিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই মূল্যায়নে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী, ইন্টারনেটে খোঁজার প্রবণতা এবং বাণিজ্যিক চুক্তির মতো বিষয়গুলো বিবেচনা করা হয়েছে।





