হরর সিরিজ ‘ক্রিস্টাল লেক’ মুক্তির প্রথম ১১ দিনেই যুক্তরাষ্ট্রের স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককে ১৩০ কোটি মিনিট ভিউ হয়েছে। এটি পিককের সর্বকালের সবচেয়ে বেশি দেখা মৌলিক চিত্রনাট্যনির্ভর সিরিজের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘ফ্রাইডে দ্য থার্টিন্থ’-এর প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজটি জেসন ভুরহিসের মা পামেলা ভুরহিসের গল্প বলে, যিনি তাঁর ছেলের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেন না।
সিরিজটি শুধু মোট দেখার সময়েই নয়, সাপ্তাহিক তালিকাতেও ভালো অবস্থান তৈরি করেছে। নিলসেনের হিসাবে, ১৯ অক্টোবরের সপ্তাহে এটি যুক্তরাষ্ট্রের স্ট্রিমিং অরিজিনাল সিরিজের মধ্যে তৃতীয় স্থানে ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিরিজটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে, মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় এটি ১৮০ কোটি সামাজিক যোগাযোগমাধ্যম ইমপ্রেশন পেয়েছে।



