সাত দফা দাবিতে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির দুই দিনের (বৃহস্পতিবার ও শুক্রবার) বিক্রি বন্ধের ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। রাজধানীর মিরপুর, ফার্মগেট ও জুরাইনের কয়েকটি এলাকায় ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার ৩৫০ থেকে ৪০০ টাকা বেশি দামে বিক্রি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গৃহস্থালি গ্যাস বিক্রেতারা জানান, দুই দিন বিক্রি বন্ধ থাকার ঘোষণায় অনেক গ্রাহক আগেভাগেই সিলিন্ডার কিনছেন। এই সুযোগে কিছু দোকানে দাম বাড়ানোর অভিযোগ উঠেছে। মিরপুর-১০-এর সেনপাড়ার খুচরা গ্যাস বিক্রেতা আবিদ আলী জানান, বাসায় পৌঁছে দিয়ে ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার ২০০ টাকায় বিক্রি করছেন তিনি, যা স্বাভাবিকের চেয়ে বেশি।









