সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অন্তঃসত্ত্বা নারীদের অকাল প্রসবের ঝুঁকি আগেভাগে শনাক্ত করার জন্য একটি নতুন গবেষণা শুরু হয়েছে। এই গবেষণায় ‘ওরা রিং’ নামের একটি স্মার্ট আংটি ব্যবহার করা হবে, যা হৃদস্পন্দন, ঘুম ও শারীরিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করবে। এর লক্ষ্য হলো স্বাভাবিক সময়ের আগেই প্রসব শুরু হওয়ার সম্ভাব্য সতর্কসংকেত শনাক্ত করা।
আবুধাবির স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ওরা যৌথভাবে এই ২৪ মাস মেয়াদি ‘প্রজেক্ট ক্রেডল’ নামের গবেষণা কার্যক্রম চালু করেছে। এতে ঝুঁকিপূর্ণ অন্তঃসত্ত্বা নারীদের গর্ভধারণের শুরু থেকে সন্তান প্রসব পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে। গবেষকেরা স্মার্ট আংটি থেকে পাওয়া তথ্যের সঙ্গে চিকিৎসাসংক্রান্ত ও জিনগত তথ্য মিলিয়ে দেখবেন, যাতে অকাল প্রসবের নির্ভরযোগ্য পূর্বাভাস দেওয়া যায়। ২০২৮ সালে এই গবেষণার ফল প্রকাশের প্রত্যাশা করা হচ্ছে।











