রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ চলাকালে এই সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক অবরোধকালে আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধা দিলে ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয় এবং একপর্যায়ে গুলি বিনিময় হয়।
এই ঘটনায় সাজেকে আটকে পড়া দুই হাজার ৯৩৩ জন পর্যটককে নিরাপদে বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি পাঠানো হয়েছে। ঘটনার পর রাঙামাটি জেলা প্রশাসন সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে এবং পর্যটকদের দ্রুত এলাকা ত্যাগ করার নির্দেশ দেয়।







