রাজশাহী সিটি করপোরেশন ও ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার ৮৯ শতাংশ পরিবার বিদ্যুৎ ব্যবহারে জীবনযাত্রার মানোন্নয়ন অনুভব করলেও, এদের ৬৯ শতাংশই আয়ের তুলনায় বিদ্যুৎ বিলের চাপ বাড়ার কথা জানিয়েছে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পরিচালিত এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সমীক্ষায় আরও দেখা যায়, ৫৫ শতাংশ পরিবার বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতাকে খারাপ বা খুব খারাপ বলে উল্লেখ করেছে।
সমীক্ষা অনুযায়ী, গত এক দশকে লাইফলাইন গ্রাহকদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে; ৮৫ শতাংশ পরিবারের বিদ্যুৎ ব্যবহার বেড়েছে এবং ৭৭ শতাংশ পরিবারের বৈদ্যুতিক যন্ত্রপাতির সংখ্যা ও বৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া, ৭৬ শতাংশ পরিবার বিদ্যুতের কারণে পড়াশোনার পরিবেশ উন্নত হয়েছে এবং ৯৭ শতাংশ পরিবার রাতে বেশি নিরাপদ বোধ করে বলে জানিয়েছে।












