বরিশালের বাবুগঞ্জে সন্তানদের অবহেলায় একাকী বসবাস করা তাহমিনা বেগম (৬৫) নামে এক মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বড় ছেলে সুমনের ঢাকায় বহুতল ভবন ও কারখানা রয়েছে, ছোট ছেলে আওলাদও ঢাকায় চাকরি করেন। দুই মেয়ে হিরা ও মুক্তা স্বামী সংসার নিয়ে ভালো আছেন। কিন্তু তাদের মা তাহমিনা বেগম প্রায় তিন মাস ধরে নতুনহাট এলাকায় একটি ভাড়াবাসায় একা থাকতেন।
বাসার মালিক আব্দুল বারেক জানান, প্রায় তিন মাস আগে তাহমিনা বেগমকে তার বড় ভাই রমিজ মিয়া ওই বাসায় ভাড়া রাখেন। তিনি প্রায়ই অসুস্থ থাকতেন। রবিবার সকালে কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে তার মরদেহ দেখতে পান। গত তিন মাসে তার ছেলেমেয়েরা তাকে দেখতে আসেনি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।








