প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবসমাজকে দেশের প্রাণশক্তি ও অগ্রগতির চালিকাশক্তি হিসেবে অভিহিত করে বলেছেন, তাদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ তহবিল ঘোষণা করা হয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এ পর্যন্ত ৮০ লাখের বেশি তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের মধ্যে প্রায় ২৫ লাখ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। এছাড়া, যুবঋণ বিতরণের মাধ্যমেও তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তিনি তরুণদের প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।




