যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানকে তার পরমাণু জ্বালানির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা ‘অর্থবহভাবে’ কমাতে হবে সাত মাসের যুদ্ধ শেষ করার জন্য। তিনি জানান, ভবিষ্যতে সমৃদ্ধকরণ কমানোর আশ্বাস নয়, এখনই ইরানকে বাস্তব পদক্ষেপ নিতে হবে। আলাস্কায় নির্বাচনী প্রচার শেষে এক সাক্ষাৎকারে ভ্যান্স এসব কথা বলেন। তিনি জানান, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে, তবে তারা কতটা সিদ্ধান্ত নিতে পারেন তা স্পষ্ট নয়।
ভ্যান্স বলেন, পরমাণু অস্ত্র না চাইলে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম কেন প্রয়োজন? তিনি আরও বলেন, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেখাতে চায়, তবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অর্থবহ কিছু করতে হবে। যুক্তরাষ্ট্র সমঝোতায় রাজি, তবে এর জন্য ইরানকে পরমাণু কর্মসূচিতে বাস্তব ছাড় দিতে হবে।






