মেহেরপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পৌরসভা থেকে মশা নিধনে বিষ ছিটানো বা জনসচেতনতামূলক প্রচার না থাকায় এবং জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আগাম প্রস্তুতির অভাবকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন অনেকে। সিভিল সার্জন জানিয়েছেন, শহর থেকে এডিস মশা গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আগস্ট থেকে ২০ অক্টোবর পর্যন্ত জেলায় অন্তত ৪৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। চলতি মাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। তবে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি।














