বাংলাদেশ ব্যাংক ব্যাংকের পরিচালনা পর্ষদে অন্য কোম্পানির প্রতিনিধি পরিচালক নিয়োগের বিধান আরও কঠোর করেছে। এখন থেকে কোনো কোম্পানি কোনো ব্যাংকের শেয়ার কিনে প্রতিনিধি পরিচালক হতে হলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা পরিচালক হতে হবে।
এছাড়াও, শেয়ারধারী প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি হলে পরিশোধিত মূলধনের কমপক্ষে ২ শতাংশ এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা নিশ্চিত করতে হবে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ব্যাংকের আগামী পর্ষদ সভায় উপস্থাপন করা হবে। মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।





