ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ছড়িয়ে পড়া দাঙ্গা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কঠোর পদক্ষেপ নিয়েছেন। আগামী কয়েক দিন 'অবৈধ' বিক্ষোভ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি। স্বীকৃত সংগঠনগুলোর আয়োজনে বিক্ষোভের অনুমতি থাকলেও প্রয়োজন অনুযায়ী নির্ধারিত পথ পরিবর্তন করা হতে পারে। তবে বৈধ কর্তৃত্ব নেই এমন ব্যক্তি বা গোষ্ঠীর আয়োজনে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
শহরের কেন্দ্রীয় এলাকা, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন রক্ষায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত সপ্তাহান্তের অস্থিরতার জন্য তিনি মূলত দাঙ্গাবাজ ও চরম বামপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন। পরিস্থিতি শান্ত করাই এখন প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন ম্যাক্রোঁ। দেশজুড়ে নতুন বিক্ষোভের ঘোষণা আসায় পরবর্তী পদক্ষেপ নির্ধারণে শুক্রবার প্রতিরক্ষা পরিষদের বৈঠকে বসবেন তিনি।







