ফ্রান্সজুড়ে বিক্ষোভ সহিংসতা ও লুটপাটে রূপ নেওয়ার পর শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। শনিবার বড় ধরনের বিক্ষোভের পর রোববারও রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে। এলিসি প্রাসাদ থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মাখোঁ বিক্ষোভকারীদের পরিস্থিতি আরও উত্তপ্ত না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা সবাই ক্ষোভ ও লজ্জা অনুভব করছি।’
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং সরকারি পরিষেবার মান কমে যাওয়ার প্রতিবাদে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ রাস্তায় নামেন। তাদের অধিকাংশের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। তবে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের কয়েকটি দল ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িয়ে পড়ে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিক্ষোভের ঘটনায় প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।











