সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জাতীয় নির্বাচনে তার দল অল্প ব্যবধানে পরাজিত হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত জানান। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, গত রবিবারের পার্লামেন্ট নির্বাচনে মধ্য-বামপন্থী বিরোধী দলগুলো ১৭৬টি আসনে জয়ী হয়েছে, যেখানে ক্ষমতাসীন ডানপন্থী জোট পেয়েছে ১৭৩টি আসন।
ক্রিস্টারসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, নতুন সরকার গঠনের জন্য পরবর্তী ধাপগুলো পরিচালনার দায়িত্ব স্পিকারের। তিনি অবিলম্বে সেই প্রক্রিয়া শুরু করতে পারেন, তাই প্রধানমন্ত্রী পদ থেকে তাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এর ফলে সুইডেনে সরকার পরিবর্তন হতে পারে এবং বিরোধীদলীয় নেতা মাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন জোট সরকার গঠন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।





