বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা দিলীপ কুমার আগরওয়ালকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তিনি মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ডে ছিলেন।








