কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর ১০ জন পুলিশ সদস্য অচেতন হয়ে পড়েন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম এবং কনস্টেবল আমিরুল ইসলাম, মুকতার হোসেন, মোহাম্মদ আমিন, আমিনুল ইসলাম, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, রেজাউল ইসলাম ও মনিরুল ইসলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়া বা অন্য কোনো কারণে এমনটি হতে পারে। বর্তমানে তাঁরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।









