বিএনপি সরকার গঠনের আট মাসের মধ্যে তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্য পদত্যাগ করেছেন। এসব পদত্যাগের পেছনে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা ছিল বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ পদত্যাগের আনুষ্ঠানিক কারণ হিসেবে ব্যক্তিগত বা শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করলেও কয়েকটি ঘটনায় দলীয় ও প্রশাসনিক সিদ্ধান্ত, অভ্যন্তরীণ মতপার্থক্য এবং বিতর্কের বিষয় সামনে এসেছে। সর্বশেষ ১৯ অক্টোবর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন।
ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে অংশগ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দেন। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো, প্রত্যাশার পরিপন্থী কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।









