রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করে বলেন, ৫০ বছর ধরে সেবাদানকারী প্রতিষ্ঠান মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির নিদর্শন।
নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেন এবং হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনার পেছনে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং মহানগর উত্তর বিএনপির এক প্রভাবশালী নেতার ইন্ধন রয়েছে।




