কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত চলা এই অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে কুমিল্লা নগরের আলোচিত 'রতন গ্রুপ' বা 'আর স্কোয়াড'-এর চার সক্রিয় সদস্য রয়েছে। এদের মধ্যে আনিসুর রহমান ওরফে আনিক (১৯) এই গ্যাংয়ের 'সেকেন্ড ইন কমান্ড' বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। যেসব স্থানে উঠতি বয়সী বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়েছে। যাচাই-বাছাই করে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে গত বুধবারের অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছিল।





