কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল শনিবার রাত আটটা থেকে গভীর রাত পর্যন্ত চলা এই অভিযানে মোট ২৫৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কুমিল্লা নগরের আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর সক্রিয় চার সদস্য রয়েছেন, যাদের মধ্যে আনিসুর রহমান ওরফে আনিক গ্যাংটির ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উঠতি বয়সী কিশোরেরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে গত বুধবারের অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছিল, যাদের মধ্যে ১৭৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।





