দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের নেতৃত্বে চলা বিক্ষোভ এবং জন-অসন্তোষের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, অক্টোবরের আগাম নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার জন্য তিনি প্রেসিডেন্টের পদ ছাড়ছেন। রাজধানী বেলগ্রেডে সমর্থকদের উদ্দেশে তিনি জানান, প্রেসিডেন্ট হিসেবে ৯ বছর মেয়াদে তাঁর সরকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখেছে। তিনি সোমবার পার্লামেন্ট স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
গত ১ নভেম্বর নোভি সাদের একটি রেলস্টেশনে কংক্রিটের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্বচ্ছতার অভাব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করেছেন। ভুসিচ ও তাঁর মিত্ররা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।






