যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় দুবার বিমান হামলার শিকার হয়েও অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরানের বিশেষজ্ঞ সভার সদস্য আয়াতুল্লাহ মোহসেন হেইদারি আলে কাসির কাতারভিত্তিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলায় তার বাবা নিহত হন এবং মোজতবা খামেনি গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসাকেন্দ্রটিতেও বোমা হামলা চালানো হলে তিনি ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরেন।
হামলার পর তাকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয় এবং এরপর থেকে তিনি প্রকাশ্যে আসেননি। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের আগে মোজতবা নিজেও এ বিষয়ে কিছু জানতেন না বলে জানিয়েছেন ওই ধর্মীয় বক্তা। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট দাবি করেছেন যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।






