ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের শত্রুরা দেশটিতে বিদেশি আধিপত্যের দিনগুলো ফিরিয়ে আনার যে চেষ্টা করছে, তা আর কখনো সফল হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিগগিরই আরব সাগর থেকেও ‘শত্রু বাহিনীকে’ হটিয়ে দেওয়া হবে।
প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় খামেনি বলেন, একসময় দক্ষিণ ইরানের দুই সাগর শত্রু বাহিনীর জন্য ‘খেলার মাঠের’ মতো ছিল। কিন্তু সাহসী ইরানি যোদ্ধা এবং হরমুজ প্রণালির রক্ষকদের কাছ থেকে ‘বেদনাদায়ক আঘাত’ পাওয়ার পর তারা এখন আরব সাগরের ওপারে যাওয়ার সাহস করে না। তিনি আরও বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের সময়কে ‘অন্ধকার দিন’ হিসেবে উল্লেখ করেন খামেনি, যখন সম্রাটের কাছে আধিপত্যবাদী শক্তিগুলোর রাষ্ট্রদূতেরা নির্দেশনা পৌঁছে দিতেন।






