দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে গত দুই মাসে ১১ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। সর্বশেষ রোববার (২৭ সেপ্টেম্বর) একুরহুলেনি পৌর এলাকায় একটি খোলা মাঠ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর একদিন আগে একই এলাকার একটি কবরস্থানের কাছে আরেক নারীর অর্ধনগ্ন মরদেহ পাওয়া যায়, যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ শনিবারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যা নিয়ে মোট চারজন পুলিশ হেফাজতে রয়েছে। তবে সব হত্যাকাণ্ড একই ব্যক্তি বা গোষ্ঠী করেছে এমন কোনো প্রমাণ মেলেনি। জুলাই ও আগস্টে একই এলাকার ৬ কিলোমিটারের মধ্যে তিন নারীর মরদেহ পাওয়া গিয়েছিল। চলতি মাসে মাত্র ১০ দিনে আরও ছয়টি মরদেহ উদ্ধারের পর পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। নিহতদের কয়েকজনকে সম্পূর্ণ বা আংশিক নগ্ন অবস্থায় পাওয়া গেছে। একুরহুলেনি হত্যাকাণ্ড তদন্তে পুলিশের একটি বিশেষ দল কাজ করছে।






