সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপের জেরে লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। অডিওটিতে ফারুক হোসেনকে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তির কাছে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কাজের জন্য পাঁচ লাখ টাকা দাবি করতে শোনা যায়।
যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাঈম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফারুক হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তাঁর নাম ব্যবহার করে কেউ ধান্দাবাজি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। ফারুক হোসেন অবশ্য দাবি করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁর কণ্ঠ বিকৃত করে অডিওটি তৈরি করা হয়েছে।





