ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আদালতে হিজাব পরা এক নারী বিচারককে দেখে এক আসামি ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আদালতকক্ষে এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। আইনজীবীদের একাংশ এই ঘটনার নিন্দা জানিয়েছেন। অভিযুক্তের বিজেপিপন্থি আইনজীবী ক্ষমা চেয়েছেন এবং দাবি করেছেন যে অনেকেই সম্ভাষণের সময়ে ‘জয় শ্রীরাম’ বলে থাকেন। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি ঘটনাটিকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।
আদালত সূত্রে জানা যায়, এজলাসে নাম ধরে অভিযুক্তদের উপস্থিতি নেওয়ার সময় তাদের মধ্যে একজন বিচারকের পোশাক দেখে ওই মন্তব্য করেন। পরে আদালতকক্ষেই ক্ষমা চান অভিযুক্তদের আইনজীবী। আদালতকক্ষ ধর্ম-রাজনীতি বা অন্য সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষ বিচারের জায়গা বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশনের দার্জিলিং জেলা সম্পাদক।




