রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য ডা. জাওয়াদুল হক ও তার একান্ত সচিব নাজমুল হোসাইনকে মারধর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ৪০-৫০ জনের একটি দল ভিসির কার্যালয়ে ঢুকে এই ঘটনা ঘটায়।
উপাচার্য অভিযোগ করেন, ঠিকাদারি কাজের বিরোধের জেরে তাকে লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকি দিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়। তার একান্ত সচিবও অস্ত্র ঠেকিয়ে স্বাক্ষর নিতে বাধ্য হওয়ার অভিযোগ করেছেন। হামলাকারীরা সিসি ক্যামেরার হার্ডডিস্ক ও সিপিইউ নিয়ে গেছে বলে জানা গেছে।











