একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মৃত্যুর ১৭ ঘণ্টা পর পরিবারের নারী সদস্যদের খোঁড়া কবরে তাকে দাফন করা হয়।
রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা। তিনি স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।




