যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী রবিবার জমা দেওয়া হবে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশ্নফাঁসের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, ঘটনার দিনই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তদন্ত কমিটিকে আরও কয়েকদিন সময় দেওয়া হয়েছে এবং আগামী রবিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তিনি আরও জানান, স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।






