বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে এবং দক্ষিণি তারকা কীর্তি সুরেশ প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন ক্রাইম থ্রিলার সিরিজ ‘আক্কা’-তে। আশির দশকের পটভূমিতে নির্মিত এই সিরিজে তাদের দুই প্রভাবশালী নারীর চরিত্রে দেখা যাবে, যারা অপরাধ জগতের ক্ষমতা, উত্তরাধিকার ও প্রতিশোধের গল্পে মুখোমুখি হবেন।
সিরিজটির কেন্দ্রে রয়েছে ভারতের কাল্পনিক শহর পের্নুরু, যেখানে নারীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে অপরাধ জগতের শাসন ব্যবস্থা ধরে রেখেছেন। ভবানী (কীর্তি সুরেশ) তার সাম্রাজ্য ও ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ, অন্যদিকে রুদ্র (রাধিকা আপ্তে) সেই প্রতিষ্ঠিত ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। দুই নারীর এই টানাপোড়েন থেকেই তৈরি হয়েছে গল্পের মূল দ্বন্দ্ব।







