কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ঢাকা থেকে আসা তিন পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুজন। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মেরিন ড্রাইভের হিমছড়ি মেরিনা রিসোর্টের কাছে সৈকতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও লাইফগার্ড সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ দুজনের সন্ধান পাননি।
পুলিশ ও লাইফগার্ড সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা ১২ জনের একটি দল বেড়াতে এসে পাঁচজন সাগরে গোসল করতে নামেন। বড় ঢেউয়ের ধাক্কায় তাঁরা তলিয়ে যান। উদ্ধারকারীরা তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। নিহতরা হলেন মো. বোরহান (২৩), সাইফুল ইসলাম (২৩) ও নাফিসুল হক (২২)।








