দেশজুড়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক দোকানে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আবার কোথাও পাওয়া গেলেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকশ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। কক্সবাজার, নরসিংদী ও কিশোরগঞ্জের মতো জেলাগুলোতে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি।
সরবরাহ সংকট ও কমিশন বৃদ্ধির দাবিতে ব্যবসায়ীরা আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন। এতে বাজারে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সম্প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করলেও, তা কার্যকর হচ্ছে না।













