জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক তাঁর নতুন বইয়ে দলটির একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার অভ্যন্তরীণ উদ্যোগের কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, দলের জ্যেষ্ঠ নেতারা দফায় দফায় বৈঠক করলেও নেতৃত্বের মত পরিবর্তন, দলীয় কমিটির বিরোধিতা বা প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে ক্ষমা চাওয়ার উদ্যোগ শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।
বইটিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালে জামায়াতের নির্বাহী কমিটি একাত্তরের বিষয়টি মোকাবিলা, দল বিলুপ্ত করা ও নতুন দল গঠনের সিদ্ধান্ত নিলেও পরে তা থেকে সরে আসে। এই ঘটনার পরপরই ব্যারিস্টার রাজ্জাক দল থেকে পদত্যাগ করেন। তিনি ২০১৩ সালে যুক্তরাজ্যে চলে যান এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৯ সালে পদত্যাগ করেন।


