পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ বিষয়ক মন্তব্য তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার ও নাগরিক সংগঠনগুলো এটিকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে বিপজ্জনক বার্তা হিসেবে দেখছে এবং বক্তব্য প্রত্যাহার, সরকারের ব্যাখ্যা ও আইজিপির জবাবদিহি চেয়েছে।
আইজিপি বলেছেন, ‘প্রয়োজনে ক্রসফায়ার করব, যদি সরকার অনুমতি দেয়।’ মানবাধিকার সংগঠনগুলো বলছে, সংবিধান জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার সুরক্ষিত করেছে এবং জাতিসংঘের নীতিমালা অনুযায়ী, জীবন রক্ষায় একান্ত অপরিহার্য হলেই কেবল প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার গ্রহণযোগ্য।




