আগামী ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত তুরস্ক সফরে যাচ্ছেন সরকারের তিনজন সচিবসহ ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রতিরক্ষা, শিক্ষা, প্রযুক্তি ও দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন খাতে তুরস্কের অভিজ্ঞতা ও সহায়তা অর্জনের লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে। সফরটি মূলত দুই দেশের মধ্যে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামও এই দলে রয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন, প্রতিরক্ষা, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, স্বাস্থ্যসেবা এবং উচ্চশিক্ষা বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারাও এই সফরে অংশ নেবেন।




