স্পেনের রাজধানী মাদ্রিদে ৮৭ বছর বয়সী এক প্রতিবন্ধী বৃদ্ধাকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিক্ষোভ চলছে। মারিয়া দেল কারমেন আবাসকাল নামের ওই বৃদ্ধাকে তার সাত দশকের বেশি সময়ের বাসস্থান থেকে উচ্ছেদ করার পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। তারা আবাসন সংকট, আকাশচুম্বী ভাড়া বৃদ্ধি এবং রিয়েল এস্টেট খাতের লাগামহীন ব্যবসার প্রতিবাদ জানাচ্ছেন।
বিক্ষোভকারীরা ভাড়াটিয়াদের সুরক্ষা বৃদ্ধি, আবাসন খাতে প্রতারণা রোধ এবং বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছেন। তারা অনির্দিষ্ট মেয়াদের ভাড়ার চুক্তি চালু এবং আবাসকালের মতো উচ্ছেদ বন্ধের দাবিও জানান। সরকারি কর্তৃপক্ষ ও আবাসন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করে আবাসনের দাম বাড়ানোর অভিযোগ উঠেছে।





