জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। তিনি বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম প্রধান ব্যবসায়িক অংশীদার এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়ানোয় জার্মানিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে জার্মানির সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
জার্মান রাষ্ট্রদূত বলেন, জার্মানি বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, রোহিঙ্গা সংকট একটি বৈশ্বিক সমস্যা এবং এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে জার্মানির অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। তিনি বলেন, দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময় সম্পর্ককে আরও জোরদার করবে।


