সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদ আহমেদ আশিকের (৩৫) মরদেহ দেশে পৌঁছানোর পর গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) আসর নামাজের পর বগুড়ার শাজাহানপুর উপজেলার সরকারি চাঁচাইতারা মাদলা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় সাহেদসহ ১৩ জন নিহত হন। মরদেহ দেশে পৌঁছানোর পর স্বজন ও প্রতিবেশীরা তাকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন। নিহত সাহেদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সরকার ও তার নিয়োগকারী প্রতিষ্ঠান।









