রাঙ্গামাটির সাজেক সড়কে অবরোধের কারণে আটকা পড়া প্রায় ৩ হাজার পর্যটককে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তা পাহারায় খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই কার্যক্রম শুরু হয়। অবরোধকারীরা সকাল ৬টার দিকে সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করলে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় রাঙ্গামাটির জেলা প্রশাসক বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন।
এর আগে গত ১১ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করা হয়েছিল, সে সময়ও প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েছিলেন। দুর্গাপূজা উপলক্ষে সাময়িক শিথিল করা অবরোধ ছুটির পর আবার শুরু হওয়ায় পর্যটন খাতে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে রিসোর্ট-কটেজ, পরিবহন ও স্থানীয় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।












