দেশের শিক্ষার্থীদের জন্য বঙ্গভবনের দরজা খুলে দেওয়া হয়েছে। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এখন থেকে বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্রীয় গুরুত্ব সম্পর্কে জানার সুযোগ পাবে। এ লক্ষ্যে রাষ্ট্রপতির কার্যালয় ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে।
নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা মোট ১ ঘণ্টা ৩০ মিনিট বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। এই সময়ে ভিডিও প্রদর্শনী, তোশাখানা জাদুঘর, মূল ভবনের সামনে ফটোসেশন, এয়ার রেইড শেল্টার এবং হরিণ পার্ক ঘুরে দেখা যাবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ ও সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী অংশ নিতে পারবে, সঙ্গে থাকবেন ৩-৪ জন শিক্ষক প্রতিনিধি।






