যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এতে গতকাল শনিবার হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এবং একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়া শহরগুলো ‘নরইস্টার’-এর প্রভাবে পড়েছিল। কর্তৃপক্ষ সম্ভাব্য বড় ধরনের বন্যা ও সড়ক বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছিল।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, ঝড়টি উত্তর–মধ্য আটলান্টিক এবং দক্ষিণের নিউ ইংল্যান্ড উপকূলের কাছে অবস্থান করছিল। পূর্ণিমার কারণে মধ্য আটলান্টিক উপকূলে বড় ধরনের জলোচ্ছ্বাস ও উপকূলীয় এলাকায় বড় ধরনের বন্যার আশঙ্কা করছে এনডব্লিউএস। ব্রুকলিনে ঝোড়ো বাতাসে গাছ উপড়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।






