ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও খাদ্যসংকটে ক্ষতিগ্রস্তদের জন্য ৭১০ মিলিয়ন ইউরোর বেশি মানবিক সহায়তা ছাড়ের ঘোষণা দিয়েছে। এই তহবিলের একটি বড় অংশ সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন সংকট মোকাবিলায় বরাদ্দ করা হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন এক ভিডিও বার্তায় জানান, সংঘাত, চরম আবহাওয়া ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বিশ্বজুড়ে মানুষের জীবন বিপর্যস্ত করছে।
এই সহায়তা আফ্রিকার বাস্তুচ্যুত জনগোষ্ঠী এবং তাদের আশ্রয় দেওয়া স্থানীয় সম্প্রদায়গুলোর পাশে দাঁড়াতে ব্যবহার করা হবে। এর মধ্যে ৩৮০ মিলিয়ন ইউরো সাব-সাহারা আফ্রিকায় অভিবাসনসংক্রান্ত কর্মসূচিতে, ৯৭ মিলিয়ন ইউরো সংঘাত ও খাদ্যসংকট মোকাবিলায় এবং ডিআর কঙ্গোতে ইবোলা মোকাবিলায় ৭.৫ মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে। এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ড ও লেবাননে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় ১০৩ মিলিয়ন ইউরো এবং ইউক্রেনে মানবিক সহায়তা ও জরুরি প্রস্তুতির জন্য ৫২ মিলিয়ন ইউরো দেওয়া হবে।





