যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সমাধানে কেবল কূটনীতিক পথই কার্যকর এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সংক্রান্ত তেহরানের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর রবিবার এই মন্তব্য আসে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক মাধ্যমে বলেন, “আমাদের শর্তগুলো স্পষ্ট। হরমুজ প্রণালি পুনরায় চালু করা সেই শর্ত পূরণের ওপর নির্ভর করছে। এই অচলাবস্থা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে আলোচনার মাধ্যমে সমাধান।” গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরান একটি শান্তি প্রস্তাব দেয়, যা কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানায় তেহরান।
তবে ট্রাম্প শনিবার সাংবাদিকদের বলেন, ইরান ‘খুব খারাপভাবে হারছে’ বলেই দ্রুত চুক্তিতে যেতে চাইছে, আর সে কারণেই তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। আরাগচির দাবি, মধ্যস্থতাকারীরা এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যানের বার্তা ইরানকে জানায়নি। তিনি বলেন, “আমরা মধ্যস্থতাকারীদের কাছ থেকে চূড়ান্ত অবস্থান জানার অপেক্ষায় আছি। সেটির ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।” হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হামলা বন্ধে চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র তেহরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।






