ভারতের পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক ছাত্রীকে গণধর্ষণ ও আত্মহত্যার গুজব ছড়িয়ে পড়ায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাতে প্রায় দুই হাজার শিক্ষার্থী বিক্ষোভে ফেটে পড়েন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পুলিশ জানিয়েছে, গণধর্ষণের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ বা অভিযোগ এখনো পাওয়া যায়নি।
চার-পাঁচ দিন আগে ক্যাম্পাসে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছিল, তবে এর সঙ্গে ধর্ষণের অভিযোগের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগগুলোকে 'মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট' বলে প্রত্যাখ্যান করেছে এবং শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।






