মুম্বাইতে ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমার ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। বুধবার (১৬ সেপ্টেম্বর) ছবির প্রকাশ অনুষ্ঠানে একটি গান নিয়ে কথা বলেন তিনি। গানটির খুঁটিনাটি তার বাড়ির পুরোহিতেরও নজর এড়ায়নি বলে জানান অভিনেত্রী। ট্রেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়ক সিদ্ধার্থ মালহোত্রসহ মনীশ পাল, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারী, অনুপ সোনী, প্রযোজক একতা কাপুর ও পরিচালক দীপক কুমার মিশ্র প্রমখ।
‘বন: ফোর্স অফ দ্য ফরেস্ট’ ছবিতে ‘ছট মাইয়া’র গান নিয়ে কথা বলেন তামান্না ভাটিয়া। অভিনেত্রী জানান, ১৫ সেপ্টেম্বর তার বাড়িতে গণেশ উৎসবের আয়োজন করা হয়েছিল। পূজার পর তার পুরোহিত গানের ভিডিওটি দেখেন। গানটিতে ছট পূজার নানা আচার যেভাবে তুলে ধরা হয়েছে, তা দেখে তিনি প্রশংসা করেন। এমনকি ছবিটি সবাই মিলে দেখতে যাওয়ার কথাও জানান।








